প্রয়াত বিধায়ক আশিসের বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

প্রয়াত বিধায়ক ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বীরভূম সফরে এসে রামপুরহাটে.....

প্রয়াত বিধায়ক ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বীরভূম সফরে এসে রামপুরহাটে পৌঁছানোর পর তিনি আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, আশিস বন্দ্যোপাধ্যায়কে তিনি একসময় একটি মা কালীর মূর্তি উপহার দিয়েছিলেন। পরিবারের কাছ থেকে তিনি জানতে পারেন, আশিসবাবু নিয়মিত সেই মূর্তির পুজো করতেন। এই প্রসঙ্গ উল্লেখ করে প্রয়াত বিধায়কের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

 

পরিবারের সঙ্গে কথা বলার পর মুখ্যমন্ত্রী জানান, ধ্রুব সাহা জয়ী হওয়ার পর পরিবারের সঙ্গে দেখা করে মিষ্টিমুখ করেছিলেন। একইসঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, আশিসবাবুর মৃত্যুর ঘটনায় বিজেপির কোনও কর্মী বা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে উত্ত্যক্ত করার ঘটনা ঘটেনি।

 

মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই সামনে আসবে বলে জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকে পরিবারের পক্ষ থেকেও গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের পুত্র শতদল বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি আমাদের ভরসা ও আস্থা দিয়েছেন। আমরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ। দীর্ঘদিন ধরেই আমরা তাঁকে বিশ্বাস করি।প্রয়াত বিধায়কের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন