খড়্গপুরে শাহী রোড শো-কে কেন্দ্র করে শুক্রবার জনজোয়ারে ভাসল রেল শহর। পশ্চিম মেদিনীপুরের সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই প্রচার ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। অতুলমণি স্কুল থেকে খরিদা পর্যন্ত গোটা এলাকা কার্যত জনসমুদ্রে পরিণত হয়। এদিন দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ভিড়ের আবহে শাহের স্পষ্ট বার্তা, ‘বিজেপি বাংলায় ক্ষমতা আনুন, বাংলায় পরিবর্তন আনুন। বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে বাংলার উন্নয়ন হবে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে।’
এদিন তাঁর নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তীব্র আক্রমণ শানিয়ে শাহ বলেন, ‘বাংলার মানুষকে বাঁচাতে বিজেপি-কে প্রয়োজন।’ সবাইকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে পরিবর্তনের ডাক দেন তিনি। শহরের রাজপথ জুড়ে এদিন শুধু ছিল গেরুয়া আবির আর জয়ধ্বনি। ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। কর্মসংস্থান আর উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ভোটের আগে মেদিনীপুরের মাটি মেপে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে প্রচারের শেষ লগ্নে খড়্গপুরের এই রোড শো পদ্ম শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।


