দক্ষিণ কলকাতার বেহালার জ্যোতিষ রায় রোডে ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে রবিবার সকালে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালান ইডি আধিকারিকরা।
জানা গিয়েছে, সান গ্রুপের কর্ণধার জয় কামদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে তোলাবাজি-সহ একাধিক সংগঠিত অপরাধ চালানো হত। এই চক্রে ‘সোনা পাপ্পু’ নামে পরিচিত এক ব্যক্তির দলবল জড়িত বলেও তদন্তে উঠে এসেছে।
ইডি সূত্রে খবর, এই অভিযোগের প্রেক্ষিতেই এদিনের অভিযান। বাড়ির বিভিন্ন নথি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, এর আগেও জয় কামদারের বাড়িতে ইডি হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছিল। ফলে নতুন করে এই অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।


