জয়পুরে নাকা তল্লাশিতে উদ্ধার বিপুল নগদ টাকা

নির্বাচনের মুখে ফের মোটা অঙ্কের টাকা উদ্ধার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন। শনিবার জয়পুরের একটি নাকা পয়েন্টে.....

নির্বাচনের মুখে ফের মোটা অঙ্কের টাকা উদ্ধার করল বাঁকুড়ার জয়পুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন। শনিবার জয়পুরের একটি নাকা পয়েন্টে দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকার উৎস সম্পর্কিত নথি গাড়িগুলির চালকরা দেখাতে না পারায় বিপুল পরিমাণ ওই নগদ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ ও প্রশাসন। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই আদর্শ আচরণবিধি মেনে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। প্রতিটি নাকা চেকিংয়ে স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা ছাড়াও মোতায়েন রয়েছে স্থানীয় থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

 

বাঁকুড়ার জয়পুর থানার তেমনই একটি নাকা চেক পয়েন্টে এদিন পরপর দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ পায় পুলিশ ও প্রশাসন। জানা গেছে জয়পুর থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া একটি ট্রাক ও একটি ছোট গাড়িতে করে ওই নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। তল্লাশির সময় বিপুল পরিমাণ ওই টাকা নজরে আসতেই ট্রাকের চালক ও ছোট গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ট্রাকের চালক ও ছোট গাড়ির চালক বিপুল পরিমাণ ওই নগদ টাকার উৎস সংক্রান্ত নথি দেখাতে না পারায় পুলিশ ও প্রশাসন ওই নগদ টাকা বাজেয়াপ্ত করে। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

আরও পড়ুন