আগে রাস্তা তারপরে ভোট, চন্দ্রকোনায় বয়কটের ডাকে দিশেহারা সব দলের প্রার্থীরা

‘রাস্তা নয় ভোট নয়, আগে রাস্তা পরে ভোট’— এই চরম হুঁশিয়ারি দিয়ে ভোট বয়কটের পথে হাঁটলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন.....

‘রাস্তা নয় ভোট নয়, আগে রাস্তা পরে ভোট’— এই চরম হুঁশিয়ারি দিয়ে ভোট বয়কটের পথে হাঁটলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার রাঙ্গামাটি গ্রামের বাসিন্দারা। ভাঙাচোরা রাস্তার ধুলোবালি আর বর্ষার কাদা মেখে নাভিশ্বাস ওঠা গ্রামবাসীরা এবার নির্বাচনের আগে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। গোটা গ্রাম ছেয়ে গিয়েছে ব্যানার আর পোস্টারে। তাঁদের সাফ কথা, এক বছরের বেশি সময় ধরে চলা এই নরকযন্ত্রণা থেকে মুক্তি না মিললে ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনে কেউ বুথমুখী হবেন না। রাঙ্গামাটি গ্রামের এই ক্ষোভের মূলে রয়েছে রাস্তার বেহাল দশা।

 

প্রায় বছরখানেক আগে রাস্তার সামান্য কিছু অংশে ঢালাইয়ের কাজ হলেও বাকিটা পড়ে রয়েছে আদিম অবস্থায়। সামান্য বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অবস্থা এতটাই সঙ্গিন যে, মুমূর্ষু রোগীকে নিয়ে যাওয়ার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার উপায় নেই। স্কুল-কলেজ পড়ুয়াদের ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়ে কিংবা ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে আবেদন করেও কোনও সুরাহা মেলেনি। দীর্ঘদিনের এই বঞ্চনা থেকেই জন্ম নিয়েছে গণবিক্ষোভ। ভোটের মুখে গ্রামবাসীদের এই অনড় অবস্থানে এখন সিঁদুরে মেঘ দেখছেন প্রার্থীরা। প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত দোলই প্রতিশ্রুতি দিয়েছেন, ‘বিজেপি ক্ষমতায় আসলে প্রথম ওই রাস্তাটি তৈরি করে দেওয়া হবে।’

 

পাল্টা আক্রমণে বাম প্রার্থী সুপর্ণা দোলই বলেন, ‘বাম জমানায় যা কাজ হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে তা হয়নি, আপনারা বামেদের ফেরান রাস্তার উন্নয়নের কাজ করা হবে।’ শাসকদলের প্রার্থী সূর্যকান্ত দোলই অবশ্য গ্রামের মানুষের দাবিকে সমর্থন জানিয়েছেন। তবে তাঁর আইনি সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনী বিধি-নিষেধ থাকায় এখন কোন উন্নয়নমূলক কাজ করা যাবে না।’ ভোটের পর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেও গ্রামবাসীরা তাতে কর্ণপাত করছেন না। নেতাদের চেনা আশ্বাসে আর ভুলতে রাজি নন রাঙ্গামাটির মানুষ। তাঁদের সাফ কথা, ‘আগে রাস্তা পরে ভোট আমাদের এই দাবি অটুট থাকবে।’ প্রশাসনের কপালে এখন চিন্তার ভাঁজ। শেষ পর্যন্ত ক্ষুব্ধ বাসিন্দাদের বুথমুখী করা যাবে কি না, তা নিয়ে চন্দ্রকোনা ব্লকে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন