শ্যামপুরে হাসপাতাল তৈরির আশ্বাস হিরণের। যাতে আর কাউকে বিনা চিকিৎসায় প্রাণ না হারাতে হয়, সেদিকে খেয়াল রাখাই লক্ষ্য বিজেপির তারকা প্রার্থীর। ছাব্বিশের ভোটে জিতলে শ্যামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির আশ্বাস দিলেন তিনি। সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় হিরণ জানান সেকথা। তিনি বলেন, “১৯৯২ সালে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বলতে প্রায় কিছুই ছিল না। আমরা খুব গরিব ছিলাম। বাবা-মাকে দেখেছি কীভাবে চিকিৎসার জন্য হাসপাতালে দৌড়েছেন। অথচ কোনও চিকিৎসা পাননি। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তাঁদের। আজও ছবি একইরকম।
কোনও বদল হয়নি। এবার ভোটে জিতলে শ্যামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল খোলা হবে। তাতে এলাকার মানুষজন উপকৃত হবেন। বিনা চিকিৎসায় আর প্রাণ হারাতে হবে না কাউকে।প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও জানুয়ারি মাসে দ্বিতীয় বিয়ে সেরে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন খড়গপুরের বিদায়ী বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যার জেরে প্রথম পক্ষের স্ত্রী-সন্তানের দায়ের করা অভিযোগে আইনি জটিলতাতেও পড়তে হয় তাঁকে। ফলত, দ্বিতীয় বিয়ে বিতর্কের জেরে ছাব্বিশের ভোটে তিনি টিকিট পাবেন কি না, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল।


