রাস্তায় নামল এসইউসিআই

পেট্রোল, ডিজেল, বাণিজ্যিক গ্যাস ও দুধের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, নিট দুর্নীতি, রাজ্যে রাজনৈতিক হিংসা বন্ধ, উপযুক্ত পুনর্বাসন না দিয়ে বুলডোজারের.....

পেট্রোল, ডিজেল, বাণিজ্যিক গ্যাস ও দুধের মূল্য বৃদ্ধি প্রত্যাহার, নিট দুর্নীতি, রাজ্যে রাজনৈতিক হিংসা বন্ধ, উপযুক্ত পুনর্বাসন না দিয়ে বুলডোজারের সাহায্যে গরিব ঝুপড়িবাসী-বস্তিবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে এবং লেনিন, সিধুকানু সহ বড় মানুষদের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে সোমবার ঝাড়গ্রামে এসইউসিআই(সি) দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে কলেজ মোড়ে শেষ হয়।

 

উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক মহাদেব প্রতিহার, লোকাল কমিটির সম্পাদক সুকুমার গিরি, অর্চনা বেরা প্রমুখ। মহাদেব প্রতিহার বলেন, সরকারের একটার পর একটা ঘোষণা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যখন কমে অর্ধেক হয়েছিল তখন ভারতবাসীকে তার সুফল ভোগ করতে দেয়নি, পেট্রোল ডিজেলের দাম কমেনি, অথচ আজ বিশ্ববাজারে দাম বাড়ছে বলে তার বোঝা জনগণের উপরে চাপানো হবে কেন?

আরও পড়ুন