ইসলামপুরে স্পিকার রথীন্দ্র বোসের ঝটিকা সফর

এক ঝটিকা সফরে শুক্রবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসে পৌঁছালেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। তাঁর এই আকস্মিক আগমন এবং পরবর্তীতে.....

এক ঝটিকা সফরে শুক্রবার উত্তর দিনাজপুরের ইসলামপুরে এসে পৌঁছালেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। তাঁর এই আকস্মিক আগমন এবং পরবর্তীতে বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠককে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও জল্পনার সৃষ্টি হয়েছে।

ইসলামপুর সার্কিট হাউসে পৌঁছানোর পর স্পিকার রথীন্দ্র বোস বিজেপির শীর্ষ জেলা নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। দলীয় সূত্রে জানা গেছে, এই রুদ্ধদ্বার বৈঠকে মূলত ইসলামপুরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি এবং এলাকার একাধিক উন্নয়নমূলক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বৈঠকের আলোচ্যসূচি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। বৈঠক শেষ করে সার্কিট হাউস থেকে বেরোনোর সময় উপস্থিত সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলেও, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে বা প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

অন্যদিকে, বিজেপি নেতৃত্বও বৈঠকের সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রকাশ্যে আনতে নারাজ। বৈঠকে স্পিকারের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন এবং ইসলামপুর শহর মন্ডল সভাপতিসহ অন্যান্য প্রথম সারির নেতারা। বৈঠক শেষে বিজেপির জেলা সহ-সভাপতি সুরজিৎ সেন জানান যে, এটি মূলত একটি সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, যেখানে এলাকার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক বিষয় নিয়ে কথা হয়েছে। তবে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু তিনি জানাতে চাননি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভার স্পিকারের এই আচমকা সফর এবং বিজেপির জেলা নেতৃত্বের সাথে দীর্ঘক্ষণ বৈঠক মোটেও সাধারণ কোনো ঘটনা নয়। বিশেষ করে আগামী দিনের সাংগঠনিক প্রস্তুতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির ব্লু-প্রিন্ট তৈরি করতেই এই বৈঠক কি না, তা নিয়ে জেলা রাজনীতির অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। ইসলামপুরের কর্মসূচি শেষ করে স্পিকার রথীন্দ্র বোস ডালখোলার উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন