অভিষেক-কল্যাণ নিগ্রহের জেরে চোপড়ায় তৃণমূলের বিক্ষোভ মিছিল

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় প্রতিবাদ.....

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। রবিবার চোপড়ার হাতিঘিশা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে রাজ্য সড়ক ধরে চোপড়া বাজার পরিক্রমা করে চোপড়া বিডিও অফিসের সামনে গিয়ে শেষ হয়।

 

মিছিলে অংশ নেন দলের নেতা-কর্মী ও সমর্থকরা। উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হামিদুল রহমান ও কমলাগাও সুজালি অঞ্চলের অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার সহ একাধিক চপড়া বিধানসভা কেন্দ্রের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ কর্মসূচি থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক হামিদুল রহমান অভিযোগ করেন, যার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করুক। কিন্তু পুরনো মামলাকে সামনে এনে তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষ একদিকে বিজেপির সন্ত্রাস এবং অন্যদিকে পুলিশের সন্ত্রাস বলে মনে করবে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হবে।তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে হয়রানি না করে পুলিশ প্রশাসনের উচিত নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা। পাশাপাশি তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।

 

প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে চোপড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনার পরিবেশ সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানিয়ে তারা হামলার ঘটনার বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

আরও পড়ুন